
এম সাজেদুল ইসলাম (সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে সুস্থ জীবনযাপন, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে একটি স্বাস্থ্যসচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে শারীরিক ও ক্রীড়া শিক্ষামূলক সংগঠন ‘সুস্থ জীবন অন্বেষণ কেন্দ্রের’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় নবাবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে কেন্দ্রটির শুভ উদ্বোধন করা হয়।
দেওগাঁ ইমাম বখশ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির উদ্বোধন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রটির প্রধান উদ্যোক্তা সাহাজুল ইসলাম সাজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি ও ক্রীড়াবিদ ইউনুছ আলী, উপাধ্যক্ষ ফরহাদ হোসেন, প্রধান শিক্ষক তোফায়েল হোসেন এবং সহকারী শিক্ষক আব্দুল মোন্নাফ।
স্বাগত বক্তব্যে প্রধান উদ্যোক্তা সাহাজুল ইসলাম সাজু বলেন, "বিভিন্ন বয়সী মানুষের শরীরচর্চা ও খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে নিয়মিত অনুশীলনের পরিবেশ গড়ে তোলাই এ কেন্দ্রের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে শিশু-কিশোরদের মাঠমুখী করা এবং বয়স্কদের সক্রিয় ও সুস্থ জীবনযাপনে উৎসাহিত করা সম্ভব হবে।"
প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ বলেন, "সুস্থ ও সুন্দর জীবন গঠনে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে বর্তমান সময়ে প্রযুক্তির আসক্তি থেকে শিশু-কিশোর ও তরুণদের দূরে রাখতে এবং প্রবীণদের শারীরিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক বন্ধন ও পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় করতে অগ্রণী ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় মাঠ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। এরপর নতুন এই সংগঠনের পথচলা ও সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.