
এম সাজেদুল ইসলাম (সাগর), নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে নিজ বাড়িতে সাপের কামড়ে লোগেন হাসদা (৫৫) নামে এক অভিজ্ঞ সাপুড়ের মৃত্যু হয়েছে। এলাকায় তিনি ‘পাগল’ নামে পরিচিত ছিলেন এবং দীর্ঘ ৩০ বছর ধরে ওঝা ও সাপুড়ে হিসেবে পেশায় নিয়োজিত ছিলেন।
আজ সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে নবাবগঞ্জ উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়নের চালনিপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত লোগেন হাসদা ওই গ্রামের মৃত শংকর হাসদার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ি থেকে সাপের খেলা দেখানোর উদ্দেশ্যে বাক্স থেকে সাপ বের করছিলেন লোগেন হাসদা। এ সময় একটি বিষধর 'মাছাওলি' সাপ তাকে আকস্মিক কামড় দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
এই বিষয়ে ৮নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান সালাউদ্দিন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাক্স থেকে সাপ বের করার সময় লোগেন হাসদাকে সাপে কাটে। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
দীর্ঘ ৩০ বছর ধরে সাপের সাথে বসবাস করা অভিজ্ঞ এই সাপুড়ের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.