
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরের মেলান্দহে সনাতন ধর্মাবলম্বী দুস্থ ও অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহারের শাড়ি এবং আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ১৩৮ জনের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। এ ছাড়া জেলা পরিষদের পক্ষ থেকে ১১ জনকে পাঁচ হাজার টাকা করে এবং মেলান্দহ পৌরসভার পক্ষ থেকে পাঁচজনকে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। এতে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সহসভাপতি আব্দুর রহিম ও নুরুল আলম সিদ্দিকী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র অধিকারীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপহার ও আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তাঁদের মতে, উৎসবের আগে এ সহায়তা আনন্দ বাড়ানোর পাশাপাশি পূজার প্রস্তুতিতেও সহযোগিতা করবে।#
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.