
লিমন হায়দারঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রুদ্রাণী স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক লিয়াকত আলীর বিরুদ্ধে ভুয়া ও জাল 'বিপিএড' সনদ ব্যবহার করে চাকরি ধরে রাখা এবং সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।
বিষয়টির প্রতিকারে সচেতন মহলের পক্ষ থেকে দাবি উঠেছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক লিয়াকত আলী অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিগত ২০০৭ সালের উত্তরা ইউনিভার্সিটিতে ১০ মাস মেয়াদি বিপিএড পাসের একটি জাল সনদ সংগ্রহ করেন।কিন্তু তৎকালীন সময়ে ওই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য তার কোনো প্রাতিষ্ঠানিক রেজুলেশন বা ছুটির অনুমোদন ছিল না। প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের ছুটি বা অনুমতি ছাড়াই ঢাকায় প্রশিক্ষণ সম্পন্ন করার বিষয়টি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে আরও জানা গেছে,তিনি ২০০৫ সালে বিপিএড সম্পন্ন না করেই ১০ম গ্রেডে বেতন-ভাতা গ্রহণ শুরু করেন।যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। সনদ পাওয়ার অন্তত ২ বছর পূর্বে কীভাবে তিনি ১০ম গ্রেডের সুবিধা পেলেন তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।
এদিকে এর পূর্বে উচ্চতর স্কেলের জন্য আবেদন করলে ২০২১ সালের ৬ ডিসেম্বর দিনাজপুরের জেলা শিক্ষা অফিসার তার বিপিএড সনদটিকে “Fake Certificate”(জাল সনদ)হিসেবে চিহ্নিত করে আবেদনটি বাতিল করেছিলেন।
অভিযোগ রয়েছে,সম্প্রতি তিনি আবারও বিভিন্ন মহলে তদবির ও প্রভাব খাটিয়ে উচ্চতর স্কেলের জন্য আবেদন করেছেন।
স্থানীয়দের অভিযোগ,ওই শিক্ষকের মাঝে পেশাদার শিক্ষকসুলভ আচরণ অনুপস্থিত।পাঠদানে অনীহা ও দক্ষতার অভাবে অনেক শিক্ষার্থী তার ক্লাস করতে চান না।তাঁর এই খামখেয়ালি আচরণে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হচ্ছে।
জাল সনদ ব্যবহার করে সরকারি কোষাগার থেকে অবৈধভাবে অর্থ আত্মসাতের মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতিসাধনের এই ঘটনার সুনির্দিষ্ট ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম জানান, রুদ্রাণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লিয়াকত আলির টাইম স্কেলের আবেদনের ফাইলটি"বিবিধ"কারণ দেখিয়ে পুনরায় তার নিকট ফেরত দেয়া হয়েছে।
এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের সাথে আজ মুঠোফোনে কথা বলার চেষ্টা করেও তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.