
আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে "আদ-দ্বীন এনজিও" নামক একটি ভুয়া এনজিও খুলে ঋণ দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃরিপন (৪৬) নামের এক ভুক্তভোগী শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর বাজারের উত্তর পাশে ‘হুমায়ুন নিবাস’-এর বাসা ভাড়া নিয়ে হুমায়ুন কবির (৫০) নামের এক ব্যক্তি তার সহযোগীদের নিয়ে আদ-দ্বীন এনজিও নামের একটি কথিত প্রতিষ্ঠান চালু করেন। এলাকায় সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে স্থানীয় বেশ কিছু মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করতে শুরু করেন তারা।
গত ১২ অক্টোবর দুপুর অনুমান ১:০০ ঘটিকার সময় ১নং বিবাদী হুমায়ুন কবির ভুক্তভোগী মোঃ রিপন এবং তার সঙ্গী প্রীতি আক্তার, আমেনা, কুলসুম ও জাকিরের কাছ থেকে ঋণের লোভ দেখিয়ে মোট ৯০,০০০ (নব্বই হাজার) টাকা সংগ্রহ করেন। টাকা নেওয়ার পরপরই ঋণ না দিয়ে ওইদিনই ১নং বিবাদী তার লোকজন নিয়ে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যায়। পরবর্তীতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এদিকে গত ১৩ তারিখ রোজ মঙ্গলবার গাজীপুর এলাকার বাজারের উত্তর পাশে ‘হুমায়ুন নিবাস’-এর মালিক মোঃ হুমায়ুনের কাছে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, "আমি বাসা এখনো ভাড়া দিইনি। আমার সাথে এনজিও কর্তৃপক্ষের আজ ১৩ তারিখ মঙ্গলবার চুক্তিপত্র (ডিড ডকুমেন্ট) করার কথা ছিল।" তবে আনুষ্ঠানিকভাবে চুক্তি বা ভাড়া দেওয়ার আগেই রুমের ভেতরে খাতা-পত্র, চেয়ার ও টেবিল কীভাবে এলো—সাংবাদিকদের এমন প্রশ্নের মুখে তিনি স্পষ্ট জবাব না দিয়ে নয়ছয় ও তালবাহানামূলক কথাবার্তা বলতে থাকেন।
ভুক্তভোগী মোঃরিপন জানান, "আমরা সরল বিশ্বাসে ঋণের আশায় টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছি। বাড়িওয়ালার নির্দেশে ও আশ্বাসে আমরা টাকা দিয়েছিলাম। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা শেষে আইনি ব্যবস্থার জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।"
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, লিখিত অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.