প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৬, ৬:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ৬:২৮ পি.এম
বায়না ধরে মাঠে গিয়ে দৌড়ে চলন্ত পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিশুর
এম হারুন আল রশীদ হীরা; নওগাঁ : নওগাঁর বদলগাছীতে জমি চাষের সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে সোহাগী (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত সোহাগী জগন্নাথপুর গ্রামের সোহেল মণ্ডলের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কৃষক সোহেল মণ্ডল অন্যের জমিতে পাওয়ার টিলার দিয়ে হালচাষের কাজ করেন। মঙ্গলবার বিকেলে তিনি জগন্নাথপুর মাঠে আলুর জমি চাষ করতে যাচ্ছিলেন। এ সময় বাবার সাথে যাওয়ার বায়না ধরে সোহাগী। পরে মেয়েকে সাথে নিয়েই মাঠে যান তিনি।
মাঠে গিয়ে সোহেল মণ্ডল জমি চাষের সময় মেয়েকে খেতের আইলে বসিয়ে রাখেন। একপর্যায়ে খেত থেকে একটি শেয়াল বেরিয়ে এলে ভয় পেয়ে যায় শিশুটি। এরপর বাবার কাছে ছুটে যাওয়ার সময় চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে যায় সে। এতে শিশুটির শরীর মারাত্নকভাবে জখম হয় এবং ঘটনাস্থলেই তার মর্মান্তিকভাবে মৃত্যু হয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.