প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ৯:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৬, ১১:২৫ পি.এম
বকশীগঞ্জে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে নিজ বসতঘর থেকে আলাল মিয়া (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া এলাকার মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলাল মিয়া ওই গ্রামের সোরহাব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলাল মিয়া স্ত্রী-সন্তানসহ ঢাকার কামরাঙ্গীরচরে বসবাস করতেন। সোমবার তিনি নিজ বাড়িতে আসেন। মঙ্গলবার দুপুরে খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়েন। সন্ধ্যা হয়ে গেলেও ঘরের দরজা না খোলায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে ঘরের বেড়ার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন।
খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, “মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। "
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.