
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি ও মহিলা বিষয়ক অধিদপ্তর, পাবনার যৌথ আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খায়রুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে তাবাসসুম, মহিলা বিষয়ক অধিদপ্তর, পাবনার উপপরিচালক জিলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে নিবন্ধিত কয়েকটি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ, মানসম্মত শিক্ষা এবং সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ তৈরি করা সমাজের সবার দায়িত্ব। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের মেধা ও সম্ভাবনার বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং নারীর ক্ষমতায়নে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.