স্টাফ রিপোর্টার বগুড়াঃ
কিরিলের সঙ্গে আমার দেখা হয়েছিল গত ২ অক্টোবর। ছেলেটার বয়স মাত্র ১৮ বছর। প্রথম দেখাতেই মনে হয়েছিল, সে খুবই সহজ-সরল, দয়ালু আর একটু এলোমেলো স্বভাবের একজন তরুণ।
কিরিল আমাকে বলেছিল, সে মূলত ইউক্রেনের নাগরিক। প্রায় পাঁচ বছর ধরে যুদ্ধের কারণে জার্মানিতে বসবাস করছে, সেখানেই পড়াশোনা করছে। বাংলাদেশের দক্ষিণের প্রত্যন্ত অঞ্চল রাঙ্গাবালীতে আমাদের গ্রামে সে গিয়েছিল মহিষের দই খেতে। সেখানে সেখান থেকে আসার সময় লঞ্চে একসঙ্গে অনেক গল্প হয়েছে।
পরদিন সকালে আমরা সদরঘাট ঘোরাঘুরি শেষে, একসঙ্গে খাবার খেয়েছি, গল্প করেছি। বিদায় নেওয়ার সময় সে আমাকে বলেছিল, সে মোহাম্মদপুরে যাবে। তখন কে জানত, এই ছেলেটাকেই কয়েক দিন পর এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে!
পরে ফোন করে কিরিল আমাকে জানাল, নাটোর যাওয়ার পথে তার ব্যাগ চুরি হয়েছে। ব্যাগে ছিল ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। বিশেষ করে ল্যাপটপে তার অনেক গুরুত্বপূর্ণ ডেটা রয়েছে। সে কতটা অসহায় বোধ করছে, তা তার কথা শুনেই বুঝতে পেরেছি।
আমি জানি, চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার করা সহজ নয়। তবুও আমাদের উচিত চেষ্টা করা, কীভাবে তাকে সাহায্য করা যায়, কোথায় যোগাযোগ করা যায়। কিন্তু একজন বিদেশি তরুণ আমাদের দেশে ঘুরতে এসে যদি এমন অভিজ্ঞতা নিয়ে ফিরে যায়, তাহলে বাংলাদেশের পর্যটন ও ভাবমূর্তির ওপর এর কী প্রভাব পড়বে, একবার ভেবে দেখুন।
আমরা চাই বিদেশিরা বাংলাদেশে আসুক, আমাদের গ্রাম দেখুক, আমাদের সংস্কৃতি জানুক, আমাদের মানুষের ভালোবাসা অনুভব করুক। কিন্তু শুধু সুন্দর প্রকৃতি আর আন্তরিক আতিথেয়তা দিয়ে পর্যটনকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিপদে পড়লে যথাযথ সহযোগিতা করাও জরুরি।
কিরিল আমার কাছে শুধু একজন বিদেশি পর্যটক নয়, সে আমার পরিচিত একজন তরুণ, যার সঙ্গে বসে গল্প করেছি, একসঙ্গে খেয়েছি। আজ সে নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র হারিয়ে অসহায় বোধ করছে। একজন মানুষ হিসেবে তার পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।
আমি সংশ্লিষ্ট প্রশাসন, রেল কর্তৃপক্ষ, পুলিশ এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ করছি যদি কারও কাছে এ বিষয়ে কোনো তথ্য থাকে, দয়া করে এগিয়ে আসুন। কিরিলের ব্যাগ ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র উদ্ধারে সহযোগিতা করুন।
ল্যাপটপ আর ক্যামেরার মূল্য হয়তো টাকা দিয়ে মাপা যায়, কিন্তু একজন পর্যটকের মনে আমাদের দেশ সম্পর্কে যে ধারণা তৈরি হয়, তার মূল্য কতটা?
আসুন, সমালোচনা করার পাশাপাশি যে যার জায়গা থেকে ছেলেটাকে সাহায্য করার চেষ্টা করি। কিরিল যেন বাংলাদেশ থেকে শুধু এই অসহায়ত্বের স্মৃতি নিয়ে ফিরে না যায়; বরং মনে রাখতে পারে, এই দেশে বিপদে পড়লে পাশে দাঁড়ানোর মতো মানুষও আছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.