
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া ব্যবসায়ী ইসমাইল হোসেনের পাশে দাঁড়িয়েছেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা।
জানা যায়, জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের ব্যবসায়ী ইসমাইল হোসেনের একমাত্র উপার্জনের অবলম্বন ছিল একটি ছোট দোকান। সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানের মালামালসহ ব্যবসার পুঁজি হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইসমাইল হোসেনের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে ইসমাইল হোসেনের হাতে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
চেয়ারম্যানের পক্ষ থেকে দেওয়া এ সহায়তা দিয়ে ইসমাইল হোসেন যেন পুনরায় ব্যবসা শুরু করে জীবিকা নির্বাহ করতে পারেন এবং অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারেন—এমন প্রত্যাশা করা হয়েছে।
এ সময় ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, ‘ইসমাইলকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। কারণ, তার একমাত্র আয়ের অবলম্বনটুকু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মানুষ মানুষের জন্য—এই স্লোগানকে ধারণ করে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান আরও মানুষ ইসমাইল হোসেনের পাশে দাঁড়াবেন বলে আমি বিশ্বাস করি।’
তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে পুনরায় ঘুরে দাঁড়ানোর জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.