প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ৮:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৮:৫৫ পি.এম
নওগাঁর মহাদেবপুরে পুকুরে গোসল করতে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে তাসলিমা আক্তার (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৪অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার চেরাগপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গত তিন মাস আগে তার বিয়ে হয়। এ ঘটনায় তার স্বামী সামির হোসেন (২০) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত তাসলিমা উপজেলার চেরাগপুর গ্রামের নুরুন্নবীর মেয়ে ও বগুড়া জেলার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, নিহত তাসলিমার গত তিন মাস আগে বগুড়া জেলায় পারিবারিক ভাবে বিয়ে হয়। আজ রোববার দুপুর ১টার দিকে স্বামী সামির হোসেনকে সাথে নিয়ে বাবার গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। পরে দুপুর আড়াইটার দিকে তাসলিমা তার আট বছর বয়সী ছোট ভাইকে সাথে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। তার ছোট ভাই পুকুরের পাড়ে বসে ছিল। এ সময় তাসলিমা ও তার স্বামী গোসল করতে পানিতে নামেন। তারা দুজনই সাঁতার জানত না। সাঁতার না জানায় গোসল করার একপর্যায়ে পানির গভীরে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে তাসলিমার ছোট ভাই চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। উদ্ধারের পর তাসলিমাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং গুরুতর অসুস্থ অবস্থায় সামির হোসেনকে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.