
আলাল সজিব, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান রুমার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ধামরাই পৌরসভা ও ধামরাই সরকারি কলেজ ছাত্রদল।
রোববার (৪ অক্টোবর) দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি ধামরাই পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান রুমা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ সময় বক্তারা বলেন, কোনো জনপ্রতিনিধি যেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত হতে না পারেন, সে বিষয়ে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিক্ষোভকারীরা আরও বলেন, তাদের দাবিগুলো যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়া হবে।
তবে এসব অভিযোগের বিষয়ে সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান রুমার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.