
এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট। মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততা এবং তাদের ভালোবাসাই অনুপ্রেরণা জোগায় উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যখন মানুষের কাজের সঙ্গে সম্পৃক্ত থাকি, তখন নিজের মধ্যে কোনো ক্লান্তি আসে না।
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির আওতায় আয়োজিত হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলায় বৃহস্পতিবার রাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আলোকিত লালমনিরহাট’কে একটি সমন্বিত সামাজিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে জেলার উন্নয়ন এবং মাদক, অনলাইন জুয়া ও যৌতুকের মতো সামাজিক ব্যাধি মোকাবিলায় কাজ করা হচ্ছে।
এই কার্যক্রমের প্রশংসা করে তিনি আরও জানান, আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগ পরিদর্শনে লালমনিরহাট আসবেন এবং এর সফলতার ভিত্তিতে দেশের অন্যান্য স্থানেও এমন মডেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হতে পারে।
মাদক নির্মূলে নিজেদের সফলতার চিত্র তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, কার্যক্রম শুরুর তিন মাসেরও কম সময়ে জেলায় প্রায় ৮০ শতাংশ মাদক নির্মূল করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, তরুণ সমাজ মাদকে ধ্বংস হয়ে গেলে রাস্তাঘাট বা অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কোনো কাঙ্ক্ষিত সুফল মিলবে না। তাই তরুণদের বিপথ থেকে ফিরিয়ে আনাকে তিনি নিজের অন্যতম দায়িত্ব বলে মনে করেন।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা তরুণদের মাঠমুখী করে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেন মন্ত্রী।
অনুষ্ঠানে হা-ডু-ডু ফাইনাল খেলায় বড়বাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দল ২ নম্বর ওয়ার্ড দলকে পরাজিত করে বিজয়ী হয়।
অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদ
প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমনসহ স্থানীয় প্রশাসন ও ‘আলোকিত লালমনিরহাট’-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.