
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়ালের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছে । বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সাঁথিয়া পৌরসভার শালঘর মহল্লা ও গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, শালঘর মহল্লার রফিক এর বাড়ির পাশে পুকুর পাড়ে বেঁধে রাখা একটি ছাগলকে শিয়াল কামড়ায় । এরপর শিয়ালটি একে একে গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে আরও কয়েকজনকে কামড়ে আহত করে। আহতরা হলো- শালঘর মহল্লার জুবাইদা (৪), মংলা খাতুন (৭০), আলেয়া খাতুন (২৫), ওয়াজ কুরুনি (৭), শাহিদা (৫০) ও সোনিয়া (১৪)।
এছাড়াও পার্শ্ববর্তী গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা গ্রামের সিনহা (০৩), লাকি (৩০), বায়জিদ (০৬), রেহেনা (৪২), সামসুর (২২) পাগলা শিয়ালের আক্রমনের শিকার হন।
এ ঘটনার পরে এলাকাবাসী শিয়ালটিকে একটি ঝোপ থেকে তাড়িয়ে ধরে পিটিয়ে মেরে ফেলে।
আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, আহতদের জলাতঙ্ক প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.