সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের চর সাচালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: নজরুল ইসলাম মল্লিককে বিদ্যালয় থেকে তুলে নিয়ে একটি চায়ের দোকানে আটক রেখে নির্যাতন করার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদ ও তার লোকজনের বিরুদ্ধে।
এঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী ওই প্রধান শিক্ষক নজরুল ইসলাম সদর উপজেলা নির্বাহী অফিসার ও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, সদর উপজেলার মেছড়া ইউনিয়নের চর সাচালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ডুয়েট বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ভাগিনা ইকবাল হাসানের সঙ্গে পাশ্ববর্তী কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের আসাব উদ্দিন মোল্লার মেয়ে আমিনা খাতুনকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়। পরবর্তীতে বনিবনা না হওয়ায় ডুয়েট ছাত্র ইকবাল হাসান তার স্ত্রীকে তালাক প্রদান করেন।
এঘটনায় আমিনা খাতুন আদালতে যৌতুক মামলা দায়ের করেন। ইকবাল হাসান আদালত থেকে জামিন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন।
জামিন নেওয়ার পর থেকে আমিনা খতুন ও তার আত্মীয়-স্বজন ডুয়েট ছাত্র ইকবাল হাসানের উপর ক্ষুব্ধ হন। তাকে মারপিটসহ প্রাননাশের হুমকি দিয়ে আসছেন। ইকবাল হাসানকে না পেয়ে গত ১০ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে মেছড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে কয়েকজন যুবক চর সাচালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। তারা ডুয়েট ছাত্র ইকবাল হাসান ও তার বাবা শামসুল হককে হাজির করার জন্য প্রধান শিক্ষককে চাপ সৃষ্টি করেন। এসময় প্রধান শিক্ষক তার ভাগিনা ও ভগ্নিপতিকে হাজির করতে অস্বীকৃতি জানান। এসময় তাকে স্কুল থেকে জোর পূর্বক তুলে নিয়ে স্থানীয় হাড়িভাঙ্গা গ্রামের আব্দুল বাসেদের চায়ের দোকানে আটক করে মানসিক ও শারিরীক ভাবে নির্যাতন করা হয়।
এ বিষয়টি বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের ছোট ভাই জহুরুল ইসলামকে অবহিত করলে তিনি বিষয়টি সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।
ওই অভিযোগের প্রেক্ষিতে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পত্রের মাধ্যমে নির্দেশ প্রদান করেন। পরে পুলিশের হস্তক্ষেপে ওইদিন রাত ১১টার দিকে বিএনপি নেতার হেফাজত থেকে প্রধান শিক্ষককে ছেড়ে দেওয়া হয়।
এঘটনায় মেছড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম মল্লিক।
বর্তমানে আসামীদের হুমকির কারনে প্রধান শিক্ষকের কর্মস্থলে যাতায়াতসহ স্বাভাবিক চলাফেরা হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন তিনি।
অভিযোগের বিষয়ে মেছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদ বলেন, থানায় অভিযোগ দিয়েছে কি না আমি জানি না। বর্তমানে আমি অসুস্থ্য কিছু বলতে পারবো না।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, প্রধান শিক্ষককে আটক রাখা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার আমাকে একটি চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। পরে বিএনপির নেতার সঙ্গে কথা বলে প্রধান শিক্ষককে বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে । তবে নতুন করে অভিযোগের বিষয়টি আমার জানা নেই।