চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এখন ত্রাসের মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে মানুষের মনে ভয় ঢুকিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে। দূর্ভাগ্যজনক এই বিষয়টি। ক'দিন আগে তারা বলেছেন গুলশানে পালিয়ে যাওয়া আওয়ামী দোসরদের মিছিলটি বিএনপির আশকারায় হয়েছে। বিএনপির ইতিহাস হচ্ছে ন্যায়ের পক্ষে, অঙ্গীকার রক্ষার পক্ষে, সকল মুনাফেকির বিরুদ্ধে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন এরশাদ একটি অবৈধ সরকার, তার অধীনে নির্বাচন হবে না। খালেদা জিয়া সেই পয়েন্টে অটল থেকেছেন এবং তার পতন হয়েছে। কিন্তু আওয়ামীলীগ ও জামায়াত একসাথে এরশাদের অধীনে নির্বাচন করেছে। তাহলে আওয়ামীলীগের পক্ষে কারা থাকে? তারাই থাকে। ৫ আগস্টের পর তাদের দুঃশাসনে জুলাইয়ের যে রক্তগঙ্গা বয়ে গিয়েছিল সেই বাংলাদেশে যারা স্কুল-কলেজ ইউনিভার্সিটির ছাত্র ও সাধারণ মানুষদের গুলি করে মেরেছিল, যারা পুলিশকে লেলিয়ে দিয়েছিল, যারা র্যাবকে লেলিয়ে দিয়েছিল, হেলিকপ্টার থেকে ছাত্রদের মিছিলে গুলি করেছিল সেই বর্বর পশুদের বিরুদ্ধে গোটা জাতি যখন বিক্ষুব্ধ; ৫ আগস্টের পর সেই রাজনৈতিক দলটি বললো আমরা আওয়ামীলীগের সব মাফ করে দিব। তাহলে তাদের রাজনৈতিক ইতিহাস হচ্ছে বর্বরদের সাথে, নিষ্ঠুরদের সাথে, গণতন্ত্র বিনাশকারীদের সাথে সম্পর্ক রক্ষা করা।
জামায়াতের সমালোচনা করে তিনি আরও বলেন, কি করে একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকেট বিক্রি করে। অথচ এলাকায় মানুষের মনে তারা নরকের আগুন জ¦ালিয়ে দিচ্ছে। তার প্রমান আমরা আজকে যেখানে বক্তব্য দিচ্ছি, এই জায়গা। তারা ইসলামের যে আসল উদ্দেশ্য মানবতার সেবা করা, অসহায় ও দুঃখী মানুষের সেবা করা, তারা তো সেই আদর্শ নিয়ে নেই। তারা আছে রাজনৈতিক উদ্দেশ্য এবং রাজনৈতিক লাভ তোলার জন্য। এ কারণে তারা বাংলাদেশের মানুষের সাথে বার বার প্রতারণা করেছে। আমরা দেখেছি, নানাভাবে তারা জনগণের সাথে প্রতারণা করেছে।
রুহুল কবির রিজভী বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই সারাদেশে মানবকল্যাণ ও মানবতার সেবায় বিএনপিকে সব সময় ব্যস্ত রাখছেন। যারা নির্যাতিত নিপীড়িত তাদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা ও সহযোগিতা নিয়ে বিএনপি হাজির। এ কাজগুলো আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে করে যাচ্ছেন নেতৃবৃন্দ। দলীয় নেতাকর্মী ও সাধারণ নির্যাতনের শিকার হচ্ছে, তাদের পাশে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে দাঁড়াচ্ছে আমরা বিএনপি পরিবার।
রুহুল কবির রিজভী রোববাব বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে প্রতিপক্ষের আগুনে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আমরা বিএনপি পরিবার এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হিরা, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শাহ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী যুবরাজ, সাংগাঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।