
মেরাজ শাকিল : সাহিত্য ও সংস্কৃতিচর্চার সংগঠন ‘কল্পরেখা’র ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে গত ১১ সেপ্টেম্বর শিশু-উৎসবের আয়োজন করা হয়। শিশু-কিশোরদের আবৃত্তি, গল্পবলা ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ উৎসব অনুষ্ঠিত হয় রাজধানীর নাট্য সরণির বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। অনুষ্ঠান শুরু সন্ধ্যা ৭টায়।শিশুদের সৃজনশীলতা বিকাশ এবং সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরির উদ্দেশ্যে আয়োজিত এ উৎসবে ছিল শুভেচ্ছা বক্তব্য, আলোচনা, আবৃত্তি, গল্পবলা ও নাট্য পরিবেশনা।
অনুষ্ঠানের প্রথম পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন -কল্পরেখার সাধারণ সম্পাদক তামান্না ইয়াসমিন তিথি, শিক্ষার্থী মিথিলা ভৌমিক, অভিভাবক মো. শাহীনুর রহমান, অভিভাবক মো. আতিকুর রহমান আতিক এবং কল্পরেখার সহ-সভাপতি এস এম লুৎফুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্পরেখার সভাপতি মীর বরকত। উপস্থাপনায় ছিলেন - কল্পরেখার মেহজাবিন মৌশি ও অনুশ্রী।
উৎসবের দ্বিতীয় পর্বে কল্পরেখার শিশু-কিশোরদের অংশগ্রহণে ছিল নানা নাট্য ও সাংস্কৃতিক পরিবেশনা। এর মধ্যে রয়েছে ‘ফড়িংগুলো টিঙ টিঙ’, ‘শখ শুধু ভোজনে’, ‘ফুলের কাছে পাখির কাছে’, ‘দৈত্যের বাগান’ এবং ‘জন্মেছি এই দেশে’। এসব পরিবেশনায় শিশু-কিশোররা অভিনয়, আবৃত্তি ও সৃজনশীল পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে।
আয়োজকরা জানান, শিশুদের মধ্যে সাহিত্য, অভিনয়, আবৃত্তি ও সংস্কৃতিচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোই এ আয়োজনের মূল লক্ষ্য। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসবটি হয়ে উঠেছে আনন্দময় ও প্রাণবন্ত।
অনুষ্ঠানের নির্দেশনায় ছিলেন- মীর বরকত, তামান্না তিথি ও মারিয়াম সারাহ। আবহসংগীতে রয়েছেন অসীম কুমার নটু এবং আবহসংগীত সহযোগিতায় মিশফিয়া অলভী। এছাড়া মঞ্চ, আলো, শব্দ, অতিথি অভ্যর্থনা ও মিলনায়তন ব্যবস্থাপনাসহ বিভিন্ন দায়িত্ব পালন করবেন কল্পরেখার সদস্যরা।
কল্পরেখার ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ শিশু-উৎসবকে ঘিরে শিশু-কিশোর, অভিভাবক, সংগঠনের সদস্য ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকদের প্রত্যাশা, শিশুদের অংশগ্রহণে এ উৎসব সাহিত্য ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রে নতুন প্রেরণা সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.