বগুড়া জেলা প্রতিনিধিঃ
সোমবার (১২ সেপ্টেম্বর) বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘ডলার চানাচুর এন্ড সেমাই কারখানা’কে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক, বগুড়ার সার্বিক নির্দেশনায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানকালে কারখানাটিতে পায়ে মাড়িয়ে ময়দার ডোম প্রস্তুত করে চানাচুর তৈরি, ময়লা মেঝেতে পায়ে মাড়িয়ে চানাচুরে মসলা মাখানো এবং অপরিচ্ছন্ন স্থানে উৎপাদিত খাদ্য সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়া দীর্ঘদিনের পোড়া তেলে চানাচুর ভাজা এবং অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার করে খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালতের পর্যবেক্ষণে কারখানাটিতে সামগ্রিকভাবে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং কর্মীদের ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টি উঠে আসে।
এসব অপরাধে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে সরকারের প্রচলিত সব আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন এবং যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.