প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৬, ১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৬, ১:১৭ এ.এম
নওগাঁর সাপাহারে আমবাগান থেকে গ্রাম পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে রুবেল হক (২৬) নামে এক গ্রাম পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোয়ালা ইউনিয়নের গোয়ালা কদমডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রুবেল হক গোয়ালা কদমডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি গোয়ালা ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রুবেল হক বাড়ি থেকে বের হয়ে যান। এরপর রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এ ঘটনায় পরিবারের সদস্যরা সাম্ভাব্য অনেক স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোথাও তাঁর কোনো হদিস পাওয়া যায়নি।
পরদিন আজ বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন গোয়ালা কদমডাঙ্গা গ্রামের আব্দুল বাকি'র আমবাগানের পশ্চিম পাশে রুবেল হককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি তার পরিবার ও স্থানীয়দের জানানো হয়। খবর পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.