প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৬, ৯:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৬, ৭:১০ পি.এম
বোয়ালখালীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, তিন পুলিশ সহ আহত- ৫

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামের বোয়ালখালীতে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পরিবারের সদস্যদের হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় হাতকড়াসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে ওই আসামিকে ফের গ্রেপ্তার করা হয়। হামলায় তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই আবদুল হালিম (৪৮), এএসআই মাসুম বিল্লাহ (৩৫) ও কনস্টেবল হাসানুজ্জামান (৩২)। তারা রাত সাড়ে ১২টার দিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন। এ ছাড়া মামলার বাদী আবদুল মান্নান (৫৫) ও মোক্তার হোসেন (৪০) আহত হয়েছেন।
রোববার রাতে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের মসজিদঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলা ও আসামিকে পালাতে সহায়তার অভিযোগে স্থানীয় এক গ্রাম পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বোয়ালখালী থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, একটি প্রতারণা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় রোববার রাতে মো. আলাউদ্দিন নামে এক আসামিকে ধরতে চরণদ্বীপ এলাকায় অভিযান চালায় পুলিশ।
তিনি বলেন, আসামিকে গ্রেপ্তার করে হাতকড়া পরানোর পর তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় কয়েকজন নারী পুলিশ সদস্যদের খামচি ও কামড় দিয়ে আহত করে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে হাতকড়াসহ আলাউদ্দিন পালিয়ে গেলেও পরে তাকে আবার গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সোমবার নারীসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্তকে পালাতে সহায়তা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে স্থানীয় গ্রাম পুলিশ সদস্য জেবল হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতারণা মামলার বাদী প্রবাসী আবদুল মান্নান। অভিযুক্ত মহিউদ্দিন জাদুটোনার কাজ করতেন বলে স্থানীয়দের দাবি। বাদীর অভিযোগ, বিদেশে লটারি পাইয়ে দেওয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার স্ত্রীর কাছ থেকে কয়েক লাখ টাকা আত্মসাৎ করা হয়।
পরে দেশে ফিরে আবদুল মান্নান আদালতে প্রতারণার মামলা করলে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মহিউদ্দিনের বাড়ি করলডেঙ্গা এলাকায় হলেও গ্রেপ্তার এড়াতে তিনি চরণদ্বীপ এলাকায় শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
রোববার রাতে মামলার বাদীর দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রাম পুলিশ সদস্য জেবল হোসাইনকে সঙ্গে নিয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে মহিউদ্দিনকে আটক করে। তাকে হাতকড়া পরানোর পরই পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে তিনি হাতকড়াসহ পালিয়ে যান।
পরে পুলিশ গ্রাম পুলিশ সদস্য জেবল হোসাইনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি অভিযুক্তের অবস্থান সম্পর্কে তথ্য দেন বলে পুলিশ জানিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে পরে মহিউদ্দিনকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
ওসি মোজাফ্ফর হোসেন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.