প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ১১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ৯:৪৩ পি.এম
মিনি তেলপাম্পে ভয়াবহ আগুন, ৩১ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনার আটঘরিয়ায় একটি অনুমোদনহীন মিনি তেলপাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পাম্পের দুটি তেলের ট্যাংকি, তিনটি দোকান এবং সংলগ্ন ভবনের একটি অংশ ভস্মীভূত হয়েছে। প্রাথমিক হিসাবে এতে অন্তত ৩১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাঝপাড়া ইউনিয়নের পারখিদিরপুর কুমারগাড়ী বাজার এলাকায় তোরাব আলীর মালিকানাধীন মিনি তেলপাম্পে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে তোরাব আলী তার নিজস্ব ভবনের নিচে সরকারি অনুমোদন ছাড়াই এই মিনি তেলপাম্পটি স্থাপন করে ডিজেল ও পেট্রোল বিক্রি করে আসছিলেন। মঙ্গলবার রাতে পাম্পে তেল নামানোর সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পুরো পাম্পে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পাম্পের দুটি ট্যাংকি, তিনটি দোকান ও ভবনের একাংশ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া পাশের আরও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, "সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ প্রচেষ্টা চালিয়ে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডে আনুমানিক ৩১ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।"
আটঘরিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাসান আলী জানান, প্রথমে আটঘরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেশি থাকায় পরে দাশুড়িয়া ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.