
এম সাজেদুল ইসলাম (সাগর), নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি মো. সাইদুর রহমান সৈকত। নবাবগঞ্জ উপজেলা যুব জামায়াতের নেতা মো. সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাশেম, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নুর আলম সিদ্দিকী এবং জেলা এনসিপি নেতা ফুল মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মো. সাইদুর রহমান সৈকত বলেন, "জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। এই বিজয় দিবস আমাদের সেই আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় এবং ভবিষ্যতের জন্য দায়িত্বশীল ভূমিকা পালনের অনুপ্রেরণা জোগায়।"
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। দেশে আইনের শাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই সাথে নতুন প্রজন্মের কাছে এই আন্দোলনের সঠিক ইতিহাস ও চেতনাকে তুলে ধরার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় স্মৃতিস্তম্ভ (৭১ মঞ্চ) থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। সবশেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.