
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে গাইবান্ধা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতাররা হলেন- গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটির দুলালের ভিটা গ্রামে আলম মিয়ার ছেলে মো. আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মৃত শফিউল ইসলামের ছেলে মো. সাদির আলম (৩১)।
বুধবার (২৯ জুলাই) দুপুরে গাইবান্ধা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব বিষয়টি নিশ্চিত করছেন।
এর আগে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দুলালের ভিটা এলাকা থেকে মঙ্গলবার (২৮ জুলাই) তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। যার মধ্য অনলাইন জুয়ার এজেন্ট একাউন্ট ও খেলার বিভিন্ন অ্যাপস রয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে তারা অনলাইনভিত্তিক অবৈধ ক্যাসিনো পরিচালনা ও সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিল বলে পুলিশের দাবি।
এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মামলা করা হয়েছে।